পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার : গ্রেফতার ৪
পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকারপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দোতলা ভবনে এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা। এছাড়া একই ভবন থেকে আমদানিকৃত কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. টিপু কাজী (৩৭), মো. নূর ইসলাম (২৮), ইমরান (৩৬), এবং মো. শাজিব খান।
অভিযানের নেতৃত্ব দেন পিরোজপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, ডিএনসি ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমান আদালতে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ১৬পিস ইয়াবা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করেন। অবশিষ্ট ৪৭৮ পিস ইয়াবা ডিএনসি কর্তৃক দায়েরকৃত মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ২৪ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডের আদেশ দেন।
