প্রধান সূচি

ইন্দুরকানীতে দুই সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধিসহ দুই সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত দুই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, রবিবার উপজেলার চন্ডিপুর এলাকায় দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী ও দৈনিক নাগিরক ভাবনার জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ সুপারির বাজারের সংবাদ সংগ্রহের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত সুপারি কেনাবেচা ও পরিবহনের সংবাদ সংগ্রহ করে। তারা সুপারি ট্রাকে তোলার ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এসময় বিকেলে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সমাবেশ চলছিল। কিন্তু বিএনপির সমাবেশে লোক উপস্থিতি কম হওয়ায় তারা মনে করেছে তাদের সেই ফাঁকা চেয়ারের ভিডিও করছিল। তখন নাগিরক ভাবনার জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ ও জনকন্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী ওপর অতর্কিত হামলা করে বিএনপির নেতাকর্মীরা। হামলাকারীরা তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী বলেন, আমরা সকাল থেকে চন্ডিপুর আদর্শ বিদ্যালয় সংলগ্ন মাঠে সুপারি বাজারের ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলাম। বিকেলে ওই মাঠেই বিএনপির সমাবেশ চলছিল। আমরা ভিডিও সংগ্রহ করার সময় তারা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে এবং আমাদের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে একটি ফোন উদ্ধার হয়।
ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, আমাদের সমাবেশে পিছনে কিছু খালি চেয়ার ছিল। তারা সেই খালি চেয়ারের ভিডিও করায় কিছু কর্মী তাদের সাথে ধাক্কাধাক্কি করে। পরে আমি নেতাকর্মীদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে গিয়ে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাদেরকে থানায় আসতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial