পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান (রায়হান)কে গ্রেফতার করেছে পুলিশ। রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে গ্রেফতার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ফাহাদুজ্জামান (রায়হান)কে পিরোজপুর সদও থানায় গত ১৮ অক্টোবর দায়েরকৃত একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে।
