বাগেরহাটে বিএনপি নেতাকে আওয়ামী দোসর সাজানোর চেষ্টা : প্রতিবাদে বিক্ষোভ
বাগেরহাটের রামপালে বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালযয়ের এডহক কমিটির সভাপতি ও রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলামকে আওয়ামী দোসর সাজিয়ে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোহাম্মদ ওহিদুল ইসলামকে ওই কমিটি থেকে অপসারণের দাবী তোলেন। এ সময় ভোজপাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ বখতিয়ার রহমান, রেজাউল কবির, কামরুল সরদার, শেখ রুহুল আমিন, সবুজ সেখ, মর্তুজা শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিএনপি নেতা ওহিদুল ইসলামের অনুসারীরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সরদার ফরিদুল ইসলাম বলেন, গত ১৭ মে ২০২৫ তারিখ রামপালের বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে এডহক কমিটির সভাপতি হিসেবে মো. ওহিদুল ইসলামের নাম ঘোষণা করেছে। যা শুনে স্থানীয় জামাত-বিএনপির সমর্থক এবং বিদ্যালযয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ অবাক হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে ওহিদুল ইসলামকে লুটপাটকারি ও মামলাবাজ আখ্যা দেন সরদার ফরিদুল ইসলাম।
এসময় উপস্থিত সাংবাদিকরা ওহিদুল ইসলামকে আওয়ামী দোসর কেন বলছেন ও তিনি ভোজপাতিয়া ইউনিয়নে কি লুটপাট চালিয়েছেন এমন প্রশ্ন করলে সরদার ফরিদুল ইসলাম কোন উত্তর দিতে পারেন নি।
এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলে আমি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নানা ভাবে সহায়তা করেছি। শুধুমাত্র বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুন্ন ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এছাড়া সামনে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন, সেখানে আমি সভাপতি প্রার্থী। যে কারণে আমার প্রতিপক্ষ প্রার্থীসহ তাদের লোকজন এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।
এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিন বলেন, ওহিদুল ইসলাম রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। আবার সরদার ফরিদুল ইসলাম ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমি মনে করি নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে এখন সময় এসেছে তারেক রহমান নির্দেশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার।
