কোরআনের জন্যই আল্লামা সাঈদীকে বাংলার মানুষ এতো ভালো বাসেন : শামীম সাঈদী
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন, আমার পিতা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বাংলাদেশ তথা বিশ্বের মানুষ একমাত্র কোরআনের কারণেই ভালবাসতেন।
রবিবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব ও ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, আল্লামা সাঈদীর বুকে ছিল পবিত্র কোরআন এবং মুখে ছিল হাসি। আল্লামা সাঈদী কোরআনের কারণেই মিথ্যার সাথে কখনোই আপোষ করেননি, তিনি সব সময়ই শাহাদাতের তামান্না করেছিলেন।
তিনি আরো বলেন, কোরআনের পক্ষে থাকলে সম্মান পাওয়া হবে, আর কোরআনের বিপক্ষে গেলেই বেইজ্জতি হবেন যার উদাহরণ ৫ অগাস্ট। স্বৈরাচার শেখ হাসিনা কোরআনের বিপক্ষে ছিলেন, তাই বেইজ্জতি হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। জালিমরা কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারেন না।
তিনি বলেন, আল্লামা সাঈদী যদি ধর্ষক হন, লুটেরাজ হন, মানবতা বিরোধী হন তাহলে কেন হাজারের উপরে অমুসলিম তার হাতে মুসলমান হয়েছেন। যেটা পৃথিবীর ইতিহাসে অন্য কারো ব্যাপারে শোনা যায়নি। আল্লামা সাঈদীর অপরাধ ছিল- তিনি মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন। যার কারণেই তাকে স্বৈরাচার হাসিনা সহ্য করতে পারেন নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার আপামর জনতা ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা এই স্বৈরাচার জালিম থেকে মুক্তি পেয়েছি। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই।
ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মো. নুরুল আমিন এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেরাত ইনস্টিটিউটের পরিচালক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, চকবাজার থানা জামায়াতের আমির মাওলানা মো. মাহফুজুর রহমান, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
