কাউখালীতে রেনু পোনা ধরায় ৪ জেলের কারাদন্ড
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নৌকা ভর্তি বিভিন্ন প্রজাতির রেনু জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় ৭ জনকে আটক করা হয়। এরমধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। অপর ৪ জনকে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ৪ জনের প্রত্যেককে এক মাস করে কারাদন্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. হবি শেখ, রহিম হাওলাদার, রাকিব ফকির, মুহিদুল শেখ। আটক ব্যক্তিদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে।
কাউখালী নৌÑপুলিশের ইনচার্জ নিয়াজ মোর্শেদ বলেন, কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ি এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত নৌকায় নেট জাল দিয়ে ধরা বিভিন্ন প্রজাতির রেনু জব্দ করে নৌ-পুলিশ সদস্যরা। এ সময় ৭ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। জব্দ করা হয় ট্রলার ভর্তি কয়েক হাজার রেনুসহ এক হাজার মিটার নেট জাল।
উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান বলেন, জব্দকৃত রেনু পোনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা’র উপস্থিতিতে সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে আমাদের এ অভিযান চলমান রয়েছে।
