প্রধান সূচি

সরকার নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে বিদেশে চাকুরীর ব্যবস্থা করছে : মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, প্রশিক্ষণ নিয়ে এবং ভাষা শিখে সহজেই বিদেশে যাওয়া যাবে। আর সেটা হলে সেই মানুষের জীবনটাও বদলে যাবে। সরকার নারীদের স্বাবলম্বি করার জন্য তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বিদেশে চাকুরীর ব্যবস্থা করছে। একেবারে বিনা খরচে তাদের বিদেশে চাকুরীর এ ব্যবস্থা করে দিচ্ছে সরকার।
তিনি বলেন, পিরোজপুর অঞ্চলের নারীরা এর আগে খুব একটা বিদেশে গিয়ে চাকুরী করার সুযোগ পায়নি। বর্তমানে সেই সুযোগ এসেছে। সরকারী খরচে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে সম্পূর্ন সরকারী খরচে বিদেশে গিয়ে চাকুরীর সেই সুযোগটা পাচ্ছেন। তারা বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে স্বাবলম্বি হয়ে এবং উপার্জিত অর্থ দিয়ে ছেলে মেয়েদের সুন্দরভাবে লেখাপড়া করাতে পারবে, সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে। সেই সাথে তাদের উপার্জিত অর্থে আমাদের দেশের উন্নয়ন হবে।
আজ বুধবার পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আওতায় সরকারীভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক ‘জব ফেয়ার ও অবহিতকরণ’ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের এমপি মো. মহিউদ্দিন মহারাজ।


অনুষ্ঠানে এমপি মহিউদ্দিন মহারাজ বলেন, সরকারী খরচে বিদেশে গিয়ে চাকুরী করার যে সুযোগটি আসছে তা ভান্ডারিয়া উপজেলাসহ পিরোজপুর জেলাবাসীর জন্য একটি আশির্বাদ। এর ফলে নারীরা প্রশিক্ষিত হয়ে এবং দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে চাকুরী করতে পারবে। বিদেশ থেকে কর্মজীবী নারীদের প্রেরিত অর্থ দিয়ে তার সংসারের উন্নতি হবে। তাদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে।
মহিউদ্দিন মহারাজ আরও বলেন, আগামীতে পিরোজপুর-২ আসনের তিনটি উপজেলার যে সব নারীরা বিদেশে গিয়ে চাকুরী করতে ইচ্ছুক তাদেরকে সরকার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে প্রয়োজনে আমার নিজস্ব অর্থায়নে তাদের বিদেশে যাওয়ার বিমান টিকিটসহ যাবতীয় খরচের ব্যবস্থা করে দিবো। কেননা দক্ষ হয়ে বিদেশে গেলে যেমনি নারীরা অর্থ উপার্জন করতে পারবে, তেমনি দেশেও তাদের একটা আলাদা সম্মান হবে।
ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গনে পিরোজপুর জেলা প্রাশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন, আইওএম এর চীফ অফ মিশন আবদুস ছত্তার ইসভি।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র মো. ফায়জুর রশিদ খসরু।


অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশ গমনেচ্ছু নির্বাচিত নারীদের হাতে সনদপত্র, পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও গেষ্ট অব অনার মো. মহিউদ্দিন মহারাজ এমপি।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আওতায় ভান্ডারিয়ায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত জব ফেয়ার ও অবহিতকরণ কর্মশালার মাধ্যমে সরকারীভাবে জর্ডানে চাকুরীর সুযোগ নিয়ে সরকারী খরচে যাওয়ার জন্য ৭০জন নারীকে নির্বাচন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial