চাঁদাবাজি ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণের ঘোষণা এমপি মহিউদ্দিন মহারাজের
পিরোজপুরের ভান্ডারিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স এর ঘোষণা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। শপথ নেওয়ার পর তিনি নিজ এলাকায় ফিরে রবিবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা সমন্বয় সভায় যোগদান করে এ নির্দেশ দেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, কে কোন দলের, কে আত্মীয়-স্বজন বুঝিনা, মাদকের সাথে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসময় ওসিকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন তিনি।
এমপি মহারাজ বলেন, আমি মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনো চাঁদাবাজি ও মাদক ব্যাবসায়ীদের সুযোগ দেওয়া হবে না। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। ভান্ডারিয়ায় অটোরিকশা, মোটর সাইকেল, ট্রলারটেম্পু, পিকআপ ভ্যানসহ সকল স্ট্যান্ডে জিপির নামে চাঁদা আদায় আজ থেকে বন্ধ ঘোষণা করলাম।
উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসাইন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
এদিকে চাঁদা আদায়ে বন্ধের নির্দেশে খুশি এলাকার জনগণ। স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।
স্থানীয় চালকরা বলেন, দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করতো। বিচার দেওয়ার জায়গাও ছিল না। আমাদের সুবিধা হয়েছে, আজ থেকে কোনো চাঁদা দেয়া লাগবে না।
