পিরোজপুরে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন
পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্র ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়ে যায়। কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে মহিলাদের লম্বা লাইনও দেখা গেছে।
রবিবার পিরোজপুর সদর উপজেলার ৩৭নং পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা গেছে মহিলাদের বেশ লম্বা লাইন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন জানান, কেন্দ্রের মোট ভোটার হচ্ছেন ১৭৯৯ জন। সকাল ১০টা পর্যন্ত ৩১৫ভোট কাস্ট হয়েছে। তিনি আরও বলেন কেন্দ্র ভোটারের উপস্থিতি মোটামুটি ভালই।
এ কেন্দ্রে দেখা মেলে এবারই প্রথম ভোট দেওয়া দুই তরুনীর সাথে। পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী ইসরাত জাহান (১৮) ও জান্নাতুল ফেরদৌস দুই বান্ধবী এবারই প্রথম ভোট দিতে এসেছে।
ভোট দিয়ে ফেরার পথে স্কুল মাঠে দাড়িয়ে কথা হয় তাদের সাথে। এ সময় জান্নাতুল ফেরদৌস জানায়, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম, তাও আবার এমপি নির্বাচনের ভোট। ভোট দিয়ে আমার খুবই ভাল লাগছে। ভোট দিতে কোন সমস্যা হয়নি।’
বেলা সাড়ে ১১টায় ৩৪নং গজালিয়া সরকারী প্রাথমিক ভোট কেন্দ্রে দেখা গেছে মাহলা ভোটারের উপস্থিতি বেশী। এখানে স্থানীয় কলাখালী ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম কিরণকে লোকজন নিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে দেখা গেছে।
কেন্দ্রে কথা হয় ১০২ বছর বয়সী আমেনা বেগমের সাথে। ছেলের বউ মোর্শেদা আক্তাররের সাথে আেেসছেন ভোট দিতে। কন্ঠে জড়তা নিয়ে বলেন, ‘এ্যাইডাই মোর শ্যাস বোট অবে, হেই রইগ্যা আইছি। তয় মোর হাত কাপে, বোট মোর বউ দিয়া দেছে।’
জুজখোলা ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ১১৫০। এ কেন্দ্রের ভোটার সংখ্যা। ২৪৭৮ জন। কেন্দ্রের প্রিজাউডিং অফিসার মো. মেজবা উদ্দিন জানান, ভোটারের উপস্থিতি সন্তোসজনক।
