কাউখালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজের মতবিনিময় সভা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
সভায় মহিউদ্দিন মহারাজ বলেন, দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো।
তিনি আরো বলেন, সামাজিক কর্মকান্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী আমার সাথে আছেন। আশা করি, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মূল্যায়ন করবেন।
তিনি বলেন, কাউখালী উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলেত। এখানে দীর্ঘদিন কোন উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের করুন অবস্থা। এখানে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হয়ে এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনে দলীয়ভাবে যাকে নৌকা প্রতীক দিবেন সবাই তাকে সমার্থন করবেন। আওয়ামী লীগ তথা তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের চাহিদা এ আসণে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হোক। বাইরের কোন দলের প্রার্থীকে এ আসনে মনোনয়ন দিলে কাউখালীবাসীর ভাগ্যের কোন উন্নয়ন হবে না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ. কে.এম. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন। চেষ্টা করছেন এলাকার অসহায় অবহেলিত জনগোষ্ঠির মুখে হাসি ফোটাতে। ইতিমধ্যে আর্তমানবতার সেবা ও জনকল্যাণমূলক কাজ করে তিনি দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
