ভান্ডারিয়ায় ব্যাংক গ্রাহকের টাকা চুরি : ৪ নারী চোর গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার পৃথক দুটি ব্যাংক থেকে ২ নারী গ্রাহক আড়াই লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ নারী চোরের সদস্যরা কৌশলে তাদের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ চোর চক্রের ৪ নারী সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মাদারীপুর জেলার তনু বেপারীর স্ত্রী সুমি বেগম (২৫), একই এলাকার জাহাঙ্গীরের স্ত্রী বৃষ্টি বেগম (২০), মো. নাসিরের মেয়ে ফাতেমা আক্তার (২৯) ও রিমা আক্তার (১৭)।
থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কনক প্রবাসী নামের এক নারী সোনালী ব্যাংক ভান্ডারিয়া শাখা থেকে এক লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে ব্যাংক গেটের সামনের সড়কে কয়েকজন নারী তার পিছু নেয়। এরপরে সংঘবদ্ধ চোরের দল সড়কে কৃত্রিম ভীড় সৃষ্টি করে এবং ঠেলাঠেলির ঘটনা ঘটায়। একপর্যায়ে তারা নারী গ্রাহকের ব্যাগে থাকা এক লক্ষ টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়। আপরদিকে নাজমিন নামের অপর এক নারী গ্রাহক আল আরাফা ইসলামী ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা তুলে বাজার করতে গিয়ে দেখেন তার ব্যাগে টাকা নেই।
কনক প্রবাসী জানান, ঘটনার পরে তার স্বজনদের খবর দিলে তারা স্বজনরা সোনালী ব্যাংকে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানান, সিসি ক্যামেরা নষ্ট। পরে ব্যাংকের নিচে দোকানের সিসি ক্যামেরায় সন্দেহভাজন এক নারীকে দেখতে পান। পরে পুলিশ ওই নারীকে খুঁেজ বের করে জিজ্ঞাসাবাদ করলে তার নাম সুমি বলে জানান। তার স্বীকারোক্তি অনুযায়ী বৃষ্টি বেগম, ফাতিমা আক্তার ও রিমা আক্তার নামে অপর তিন নারীকে আটক করে থানা পুলিশ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, চোর চক্রের ৪ নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
