কাউখালীর শিয়ালকাঠী ইউপি নির্বাচন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান একক প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে মাত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সেই একমাত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান। মনোনয়নপত্র বাছাই-তে বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন।
নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৯ জন এবং ৩টি সংরক্ষিত (নারী) ওয়ার্ডের সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.মনিরুজ্জামান সোহাগ হাওলাদার জানান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে ১জন, সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহার ২৫ জুন এবং ভোট গ্রহণ ১৭ জুলাই।
