বাগেরহাটে ইট বোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত
বাগেরহাটে ইট বোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষনা কেন্দ্র ও মেরিন একাডেমির সামনে এ দূর্ঘটনা ঘটে।
বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই ট্রলি দড়াটানা ব্রিজ থেকে দ্রুত গতিতে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যান এবং ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেশমা আক্তার নামের এক নারী নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর ভ্যান যাত্রীকে মৃত ঘোষণা করেন। ভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। আহত ভ্যান চালকের নাম পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
