ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত
পিরোজপুরের ইন্দুরকানীতে টিকা দিয়ে বাড়ী ফেরার পথে টিকা কেন্দ্রের সামনে গাড়ী চাপায় প্রিয়া বালা (৭৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘাতক পিকআপটি আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর কমউিনিটি ক্লিনিকের সামনের আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিয়া বালাকে উমেদপুর করোনা টিকা কেন্দ্রের সামনের সড়কে চাপা দিলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রিয়া বালা উমেদপুর গ্রামের মৃত্যু নারায়ন দেবনাথের স্ত্রী।
টিকা নিতে আসা স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিকা নেওয়ার পরে উমেদপুর কমিউনিটি ক্লিনিকে টিকাদান কেন্দ্রে কোন বিশ্রামের জায়গা না থাকায় অনেকেই অসুস্থ হয়ে পরলেও বাড়ীতে চলে যেতে হচ্ছে। টিকা দিয়ে বাড়ীতে ফেরার সময় প্রিয়া বালা অসুস্থ হয়ে রাস্তার উপরে পড়ে যায়। এ সময় পিরোজপুর থেকে আসা একটি পিকাআপ ভ্যান তাকে চাপা দেয়।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল আমিন জানান, টিকা নিতে আসা লোকদের অতিরিক্ত ভিড়ের কারণে সকলকে বসতে দেওয়া যায় নি। প্রিয়াবালা টিকা নিয়ে যাওয়ার সময় ক্লিনিকের সামনে রাস্তার উপরে দূর্ঘটনার শিকার হন।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, সড়ক দূর্ঘটনায় টিকা নিতে আসা প্রিয়া বালা নিহত হয়েছেন। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
