মঠবাড়িয়ায় যুবলীগ নেতার হাতের কবজি কর্তনের ঘটনায় ৬৩ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার-১
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী যুবলীগ নেতা মিজানুর রহমান বিপ্লব (৪০) এর হাতের কবজি কর্তনের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত বিপ্লবের ভাই মিল্টন মিয়া বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ৩২ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব বুধবার রাত পৌনে ১০টার দিকে ধানীসাফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের নৌকা মার্কার স্টীকার নিয়ে আলগী বাজারে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় আলগী বাজার সংলগ্ন মসজিদের সামনে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (রফিক প্রফেসর) এর সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে রাখে যায়। এতে তার বাম হাতের কবজি এবং ডান হাতের একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথা, পিঠ ও দুই হাতে ধারালো অস্ত্রের কোপে একাধিক জখম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ২নং আসামী ফরিদ আকনকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
