জোয়ারের পানিতে নাজিরপুরের অর্ধ শতাধিক স্কুল মাঠ প্লাবিত
পিরোজপুরের নাজিরপুরে জোয়ারের অতিরিক্ত পানিতে উপজেলার অর্ধ শতাধিক স্কুল- মাদ্রাসার মাঠ প্লাবিত হয়ে পড়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভবনের মধ্যেও পানি ঢুকে প্লাবিত হয়েছে।
উপজেলার গাওখালী ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. বশির আহম্মেদ জানান, তার ক্লাস্টারের কমপক্ষে ২০টি স্কুলের মাঠ পানিতে সম্পূর্ন প্লাবিত হয়ে গেছে। কিছু কিছু বিদ্যালয়ের মূল ভবনের মধ্যেও পানি ঢুকেছে। এছাড়া অধিকাংশ বিদ্যালয়ের প্রবেশের রাস্তাসহ খেলার মাঠ কার্দমাক্ত হয়ে পড়েছে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার শ্রীরামকাঠীর ৮৭নং চলিশা প্রাথমিক বিদ্যালয়, দীর্ঘার ঘোষকাঠী কলেজসহ উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ জোয়ারের অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে।
উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার জানান, এ বিষয়ে জানতে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের দাযিত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করার কাজ চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, উপজেলার সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার প্রায় ৮/১০ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা জোয়ারের অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে।
