পিরোজপুরের কাউখালীতে নৌ-বাহিনীর কর্মকর্তার উপর হামলা : থানায় মামলা দায়ের
পিরোজপুরের কাউখালীতে নৌ-বাহিনীর এক কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় কর্মরত বাংলাদেশ নৌ-বাহিনীর উপ-সহকারী প্রকৌশলী ও ১ম শ্রেণির প্রশিক্ষক জহিরুল ইসলাম সাদি ছুটিতে গ্রামের বাড়িতে এলে কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় গত ৯ জুন বিকেলে নাজমুল হাসান প্রিন্স তালুকদার চাঁদার দাবীতে দলবল নিয়ে সাদি’র উপর হামলা করে রড় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহত সাদির ফুফু নাছিমা বেগম বাদী হয়ে নাজমুল হাসান প্রিন্স তালুকদারসহ অজ্ঞাতনামা আরও জ্জ জনকে আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।
হামলার বিষয়ে জহিরুল ইসলাম সাদি জানান, ছুটিতে বাড়িতে গেলে প্রিন্স তার কাছে চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা না দেওয়ার তার উপর হামলা করে মারধর করা হয়েছে।
কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।
