পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার স্ত্রী মায়া বেগমও আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আওয়ামী লীগ নেতা ফিরোজ শিকদার (৩৫) ইন্দুরকানী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত বজলুল রহমান শিকদারের ছেলে এবং ইন্দুরকানী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। জমি নিয়ে পূর্ব শত্রুতার কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ শিকদার জানান, বুধবার সকালে তাকে স্থানীয় বাজারে ডেকে নিয়ে যায় স্থানীয় মাস্টার সেলিম শিকদার। বাজারে যাওয়ার পরে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ৭/৮ জনের সন্ত্রাসীদল তার উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তার (ফিরোজ) স্ত্রী মায়া বেগম ছুটে এলে তাকেও মারধর করে এবং তার গলার এবং কানের স্বর্ণালংকার নিয়ে যায় সন্ত্রাসীরা।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে থানায় এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
