ভান্ডারিয়ায় ইকড়িতে ভিজিডি কার্ডের একাউন্ট খোলার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে হত দরিদ্রদের ভিজিডি কার্ডের ব্যাংক একাউন্ট খোলার নামে অতিরিক্ত ২শ’ টাকা আদায়ের অভিযোগ উঠছে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার ইকড়ি ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি কার্ডের আওতায় ২ বছরের জন্য বরাদ্ধকৃত ৪৩৩ পরিবারে প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এ জন্য মঙ্গলবার সকালে উপজেলার ইকড়ি ইউনিয়ন পরিষদের কক্ষে ওই ভিজিডি কার্ডের ব্যক্তিদের ডাচ্বাংলা ভান্ডারিয়া শাখার টেলার অফিসার মো. শামীম তালুকদার ব্যাংক একাউন্ট খুলছেন এবং ৩ মাসের সঞ্চয় হিসেবে ৬শ’ টাকা ভিজিডি ভাতার কার্ডে জমা নেয়। অপরদিকে ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যানের একান্ত পিএস পরিচয় দিয়ে স্থানীয় মো. খোকন শিকদার গোপন কক্ষে বসে জনপ্রতি অতিরিক্ত ২শ’ টাকা আদায় করছেন।
অতিরিক্ত ২শ’ টাকা কেন নিচ্ছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, যারা অনলাইন একাউন্ট করছেন তারা নিচ্ছেন। তবে, এ ব্যাপারে চেয়ারম্যান সাহেব ভাল বলতে পারবেন।
এ বিষয়ে ডাচ্বাংলা ব্যাংক শাখার টেলার অফিসার মো. শামীম তালুকদার জানান, তারা বিনামূল্যে অনলাইনে একাউন্ট খুলে দিচ্ছেন।
ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন এখানে কোন অনিয়ম নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
