প্রধান সূচি

ভান্ডরিয়ায় ৫ মেট্রিক টন চাল জব্দ ॥ গ্রেপ্তার ১

পিরোজপুরের ভান্ডারিয়ায় সরকারি চালের বস্তার মোড়ক পরিবর্তনের সময় ৫ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মায়ের দোয়া ভান্ডার নামের একটি চালের আড়ত থেকে এসব চালের বস্তা জব্দ করা হয়। এ সময় আ. রহমান সরদার (৪৫) নামের এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের মায়ের দোয়া ভান্ডার চালের আড়তে ৩০ কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে বিক্রির উদ্দেশে নুরজাহান ব্র্যান্ড নামের মোড়কে এক নম্বর মিনিকেট চালের লেবেলে ৫০ কেজির বস্তায় প্যাকেটজাত করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩০ কেজি ওজনের সরকারি ৩৩ বস্তাসহ মোট ৫ মেট্রিক টন চাল জব্দ করে।
স্থানীয়দের অভিযোগ, মায়ের দোয়া ভান্ডারের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলার টিআর, কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের নামে বরাদ্দকৃত চাল কম দামে কিনছেন। পরে সেগুলোর সঙ্গে কিছু মিনিকেট চাল মিশিয়ে এক নম্বর মিনিকেট চাল দাবি করে বেশি দামে বিক্রি করে আসছেন।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, উদ্ধারকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানা পুলিশের এসআই মো. ইদ্রিস বাদী হয়ে ২ জনকে চিহ্নিতসহ অজ্ঞাত নামা ৮/৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে গ্রেপ্তার আ. রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial