পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে সংঘর্ষ চাচা-চাচীসহ আহত ৫
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় চাচ-চাচীসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় চাচা আব্দুুল বারেক হাওলাদার (৮০), স্ত্রী নাছিনা বেগম (৭০), ছেলে নান্নু হাওলাদার (৩০), পুত্রবধু রুবি বেগম (২৫), ছেলে শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছে। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আব্দুল বারেক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানোা হয়েছে।
আহত বারেক হাওলাদারের জামাতা মিলন গাজী জানান, তার শ্বশুর বারেক হাওলাদারের সাথে তার ভাইপো রহিম হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধ নিস্পত্তিতে তিনি (বারেক হাওলাদার) থানার আশ্রয় নেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার ভাইপো রহিম হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের উপর হামলা চালায়। এসময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
