শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ ২ পাচারকারী আটক
বাগেরহাটের শরণখোলায় বনবিভাগ ও র্যাবের যৌথ অভিযানে একটি বাঘের চামড়া আটকের তিন দিন পর শরণখোলা থেকে ১৯টি হরিণের চামড়াসহ পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার ভোর রাতে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ড্রাইভার মনিরের বাসা থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়।
বাগেরহাট ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শরণখোলা উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকার ভাড়াটিয়া বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে ড্রাইভার মনিরের বাসায় হরিণের চামড়া আছে। এমন সংবাদে¡ ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মনিরের বাসা থেকে ১৯টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেন। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রামের মতি কাজীর ছেলে চামড়া পাচারকারী চক্রের হোতা ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে যায়।
পরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ডিবি’র ওসি মো. রেজাউল করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য গত ২০ জানুয়ারী বনবিভাগ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে শরণখোরার রাজৈর বাসষ্ট্যান্ড থেকে গাউছ ফকির (৪৫) নামের এক চোরা শিকারীকে একটি বাঘের চামড়াসহ আটক করা হয়।
