প্রধান সূচি

পাল্টা-পাল্টি পোষ্টারিং ॥ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা

৫ বছর পর কাউখালী আওয়ামী লীগের সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দলের মধ্যে রয়েছে কোন্দল, নানান অভিযোগ-অনুযোগ। এর মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন।
দীর্ঘ ৫ বছর পর এ উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সম্মেলন ঘিরে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা উজ্জীবিত হলেও কোন্দলের কারণে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পোস্টারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বির্তকের। সম্মেলন উপলক্ষে বিবাধমান দুটি গ্রুপ আলাদা আলাদভাবে পোষ্টার করেছে। দুটি গ্রুপের পোষ্টারে সম্মেলনের তারিখ ও স্থান একই থাকলে সম্মেলনের সভাপতিত্ব করার জন্য নাম রয়েছে দুই জনের।
এদিকে, একটি পক্ষ এ সম্মেলন বানচালের পাঁয়তারা করছে বলেও আওয়ামী লীগের অপর অংশ সংশয় প্রকাশ করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বির্তক।
স্থানীয় অধিকাংশ নেতা-কর্মীদের প্রত্যাশা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসবে উপজেলা কমিটির নতুন পরিক্ষিত নেতৃত্ব।
সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। কে আসবেন নতুন নেতৃত্বে এ নিয়ে শহর থেকে-গ্রাম পর্যন্ত নেতা-কর্মীদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং জল্পনা-কল্পনা।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আশা করছি উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য এ.কে.এম. এ আউয়াল এবং প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সর্বশেষ সম্মেলনে সভাপতি পদে এডভোকেট এম. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে তালুকদার মো. দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial