কাউখালীতে পানি দিয়ে অবৈধ ভাটার ইট নষ্ট করলো প্রশাসন
পিরোজপুরের কাউখালীতে অনুমোদিতভাবে নির্মিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত প্রায় দেড় লক্ষাধিক কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলার চর বাশুরী ও ডুমজুড়ি গ্রামে ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. মখালেদা খাতুন রেখা এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কাউখালী সদর ইউনিয়নের চর বাশুরী গ্রামে মিজানুর রহমানের অনুমোদিত মুন নামক একটি ইটের পাঁজা, ডুমজুড়ি গ্রামের মহারাজ হাওলাদার এবং সাহাদাৎ হোসেনের ইটের পাঁজায় অভিযান চালানো হয়। এ সময় পাঁজায় প্রস্তুতকৃত দেড় লক্ষাধিক কাঁচা ইট ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে নষ্ট করেন। ইটের পাঁজার মালিক মিজানুর রহমানসহ অন্যরা অভিযান টের পেয়ে পালিয়ে যান বলে এলাকাবাসী জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই ইট পোঁড়ানো হচ্ছিল। তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
