ইন্দুরকানীতে বাস কাউন্টার দখল নিয়ে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত-৪
পিরোজপুরের ইন্দুরকানীতে বাস কাউন্টার দখল নিয়ে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বালিপাড়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন যুবলীগের সম্পাদকসহ ৪ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে দুগ্রুপে উত্তেজনা সৃস্টি হওয়ায় বেলা ১১ টার পর থেকে বাসষ্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর ধরে বালিপাড়া বাজারে পিরোজপুর বাস মালিক সমিতির লোকাল বাস কাউন্টার পরিচালনা করে আসছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাইর ছোট ভাই স্থানীয় যুবলীগ নেতা নজির সেপাই। কিন্তু গত ৬ জুন সকালে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক শেখ শামিম তার গ্রুপের লোকজন নিয়ে ঐ কাউন্টার দখল করে নেয়। শুক্রবার সকালে নজির তার ঐ কাউন্টারের চেয়ার টেবিল নিতে আসলে শামিম তাকে বাধা দেয়। এসময় দুজনার মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হলে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের অপর অংশের যুগ্ন আহবায়ক আলমগীর সেপাই শেখ শামিমকে মারধর করে। এসময় শামিমের গ্রুপের বালিপাড়া ২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রফিক সেপাই আহত হন।
অপরদিকে আলমগীর সেপাই গ্রুপের ইব্রাহিম ও নজির সেপাই নামে দুই যুবলীগ কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।
এদিকে, এ ঘটনার রেশ ধরে সকাল ৮টার দিকে শামিম গ্রুপের লোকজন বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী আকবরকে তার ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের কাউন্টার বন্ধ করার হুমকি দেয়।
এ ব্যাপারে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর সেপাই জানান, শিবির থেকে যুবলীগে আসা শামিম দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মারধর, দোকানপাট ভাংচুর, দখল এবং হয়রানীমূলক একের পর এক মামলা দিয়ে আসছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে উত্তর বালিপাড়া গ্রামে মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে টাকা পয়সা খাওয়ার ফন্দি আটলে তাতে বাধা দেয়ায় আমাকে ও আমার ছেলে ইকবালকে হুমকি দেয় শামিম।
বালিপাড়া ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক শেখ শামীম জানান, একটানা ৯ বছর বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন সেপাই বাস কাউন্টার পরিচালনা করে সুবিধা গ্রহন করলেও অন্য কোন নেতাকর্মীকে সুবিধা না দেয়ায় কাউন্টারটি পরিচালনার দায়িত্ব নেয়া হয়েছে। তিনি আরো জানান, নাসির সেপাইসহ তার অন্যান্য ভাইয়েরা এতো দিন দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এগুলো বন্ধ করার জন্য যখন আমি নেমেছি তখন ক্ষিপ্ত হয়ে এরা আমার উপর হামলা চালিয়েছে।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাই জানান, জোর করে যুবলীগ নেতা শামীম আমার পরিচালিত পিরোজপুর বাস মালিক সমিতির কাউন্টার দখল করে তার লোকজন বসিয়েছে।
ইন্দুরকানী থানার এসআই আব্দুল আজিজ জানান, বাস কাউন্টার দখল নিয়ে শুক্রবার সকালে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
