শিক্ষক শ্যামলকে সাময়িক বরখাস্ত
ভান্ডারিয়ায় শ্রেণি কক্ষে ইসলাম নিয়ে কটুক্তি
পৃথিবীতে সব মানুষ জন্ম গ্রহন করে হিন্দু অবস্থায় পুরুষ শিশুদের খাতনা করানো হয় বিধায় তারা মুসলমান আর মেয়ে শিশুদের খাতনা করানো হয়না বলে তারা হিন্দু থেকে যায়। এমন মন্তব্য করেছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশে এক হিন্দু শিক্ষক। ওই শিক্ষকের নাম শ্যামল চন্দ্র। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (সমাজ বিজ্ঞান)। এছাড়া মুসলিম মেয়েদের নিয়ে আরো বাজে মন্তব্য করায় মুসলমান শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি জানালে শিক্ষক শ্যামল চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আতিকুজ্জামান ও প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র হালদার জানিয়েছেন।
তবে ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান একজন শিক্ষককে কোন কারণে সাময়িক বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে আমাকে লিখিতভাবে জানাতে হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তা আমাকে প্রধান শিক্ষক জানাননি। তিনি আরো বলেন, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত বৃহস্পতিবার অফিসে এসে ছিলেন তবে প্রকৃত ঘটনা আমাকে না জানিয়ে এড়িয়ে গেছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল শনিবার সহকারি শিক্ষক শ্যামল ৮ম শ্রেণিতে পাঠদানের জন্য গিয়ে এক পর্যায় শিক্ষার্থীদের সামনে উল্লেখিত কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে অন্যান্য শিক্ষকদের কাছে বিষয়টি জানায়। তারা ওই শিক্ষককে আর ক্লাশে না পাঠাতে অনুরোধ করে। বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতির নজরে আসলে তিনি শ্যামলকে কারণ দর্শাতে নোটিশ দেয়ার জন্য প্রধান শিক্ষককে বলেন। সে নোটিশের জবাব সন্তোষ জনক না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সভাপতি ও প্রধান শিক্ষক জানিয়েছেন।
বিদ্যালয়ে শিক্ষকের এমন মন্তব্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম জানান, শুনেছি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বেলায়েত হোসেন ও মাকসুদ সর্দার জানান, আমাদের ক্ষমতার মধ্যে যে শাস্তি দেয়ার বিধান আছে তা আমরা করবো।
এদিকে এ ঘটনায় এলাকাবাসি ফুঁসে উঠলে শনিবার ম্যানেজিং কমিটির শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করেছেন বলে সভাপতি জানান তবে এ বৈঠকে কোন সমাধান হয়নি।
