বাউবি’র এসএসসি পরীক্ষা
নাজিরপুরে কর্মকর্তাদের সহায়তায় চলছে নকলের মহোৎসব
নাজিরপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষায় কর্মকর্তাদের সহায়তায় চলছে নকলের মহোৎসব। আর এ নকলে সহায়তার প্রধান হোতা বাউবি’র ওই প্রোগ্রামের উপজেলা সদরের সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয় টিউটর কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সরদার। গত ১২ জানুয়ারী শুরু হওয়া এ পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারী শেষ হবে।
এক শিক্ষার্থী অভিভাবক পরিচয়ে কথা হলে ওই কেন্দ্রের নাহিদ নামের প্রথম বর্ষের এক পরীক্ষার্থী জানান, পরীক্ষায় নকলের সুযোগ করে দিতে প্রতি শিক্ষার্থীর কাছে ৫শ’ টাকা ও প্রবেশ পত্র বাবদ ৫শ’ টাকা করে আদায় করা হয়েছে। আর এ টাকা আদায় করেছেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেদানন্দ মন্ডল। একই ভাবে কথা হয় সাব্বির হোসেন নামের আর এক পরীক্ষার্থীর সাথে। তিনি জানান, ইউএনও, ম্যাজিস্ট্রেটসহ অফিসারদের খাওয়া ও তাদের ম্যানেজ করার কথা বলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মোট ১ হাজার টাকা করে নেয়া হয়েছে।
শুক্রবার ওই কেন্দ্রের এসএসসি’র প্রথম বর্ষের গণিত পরীক্ষা চলাকালে কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সরকারী বালক বিদ্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২টি কক্ষে পরীক্ষা চলছে। কেন্দ্রে ঢোকার সময় দেখা যায় নিচে মাঠে দাঁড়ানো ওই টিউটর কেন্দ্রের প্রধান সমন্বয়কারী হাসান সরদারকে। সাংবাদিকদের ওপরে উঠতে দেখে নিচ থেকে তিনি ওই বিদ্যালয়ের অস্থায়ী এমএলএসএস মনোতোষকে সাংবাদিক সাংবাদিক বলে সিগন্যাল দেন। এ সময় কক্ষে গিয়ে দেখা যায় সকল পরীক্ষার্থীই নকল লুকাতে ব্যাস্ত দেখা যায় এবং কারো কারো খাতার নিচে নকল দেখা যায়। এ সময় এক বয়স্ক লোককে পূর্ব পাশের একটি কক্ষে বসে নিরিবিলি মোবাইলে কথা বলতে দেখা যায়। তার পরিচয় জানতে চাইলে তিনি বাউবি’র বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা বলে পরিচয় দেন এবং নাম ইউনুস বলে জানান। আর কেন্দ্রের ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিরামন বৈদ্ধকে দেখা যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে।
এ সব বিষয়ে ওই কেন্দ্রের সমন্বয়কারী হাসান সরদারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। টাকা আদায় করা শিক্ষক বেদানন্দ মন্ডল সেখানে কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেন বলে জানান। তবে টাকা আদায়ের ব্যাপারে কোন সদ্যুত্তর দিতে পারেন নি তিনি।
