নাজিরপুরে ১১শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলার নাজিরপুর উপজেলায় ১১শ’ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৩৫) ও মাসুম গাজী নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল আমিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচা গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে ও মাসুম গাজী নাজিরপুর উপজেলার গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত আফজাল গাজীর ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে তারা নাজিরপুরে ঢুকবে এমন সংবাদের ভিক্তিতে সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে সহকারী উপ-পুলিশ পরিদর্শক খোকন দেবনাথ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১১শ’ পিস ইয়ারা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর করা হয়েছে।
