প্রধান সূচি

বাস-ট্রাক নদীতে ॥ তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে কঁচা নদীতে ফেরি ও লাইটারেজ জাহাজ সংঘর্ষ

বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া-কুমিরমারা ঘাটে যানবাহন বোঝাই ফেরির সাথে একটি লাইটারেজ জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেরিটি অর্ধ নিমজ্জিত হয়ে একটি যাত্রীবাহী বাস ও দুইটি ট্রাক নদীতে পড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা তদন্তে পিরোজপুর জেলা প্রশাসন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফেরি’র সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, রাতে ফেরিটি একটি যাত্রীবাহী বাস ও আটটি ট্রাকসহ পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে ছেড়ে মাঝ নদীতে পৌছার পর বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ ফেরিটিকে আঘাত করলে ফেরির নিচের অংশ ফেটে পানি ঢুকতে থাকে। ফেরির চালক দ্রুত ফেরিটিকে বেকুটিয়া প্রান্তের দিকে চালিয়ে যায় এবং নদীর চড়ে উঠিয়ে দেয়। এ সময় ফেরিটির অর্ধেক পানিতে ডুবে কাঁত হয়ে যাওয়ায় একটি গরু বোঝাই ও একটি পল্লী বিদ্যুতের মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কাউখালী ও বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও বরিশাল কোষ্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।
বুধবার সকালে বরিশাল ফেরি বিভাগের দুইটি ক্রেন ঘটনাস্থলে পৌছে ডুবে যাওয়া ফেরি ও ট্রাকগুলোর উদ্ধার কাজ শুরু করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ফেরীটি কঁচা নদীর মাঝ বরাবর গেলে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ রাত ১টার দিকে ফেরীটিকে ধাক্কা দেয়। এতে ফেরীর তলা ফেটে যায় এবং একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ফেরীতে থাকা অন্য ইঞ্জিন দিয়ে ফেরীটি চালিয়ে পূর্ব উত্তর কিনারে বেকুটিয়া এলাকার চড়ে উঠিয়ে দেয়।
ওসি জানান, দূর্ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা এসে উদ্ধার অভিযান চালায়। ফেরীতে থাকা যাত্রীদের কোন প্রানহানী ঘটেনি। ফেরীতে ট্রাকে ৫০টির মত গরুছিল তা কিনারে আনা হয়েছে। এছাড়া ট্রাকে থাকা গ্যাসের পাঁচ শতাধিক সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত লাইটারেজ জাহাজটিকে আটকের চেষ্ঠা চলছে।
এদিকে, রাত থেকে ফেরী চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে যানবাহনের জট লেগে যায়। তবে দুপুর নাগাদ এ রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামিমুল হক।
বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এবং পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেরী দুর্ঘটনার ঘটনায় বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অপর সদস্যরা হলেন, সদস্য সচিব কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সদস্য কাউখালী থানার ওসি এবং পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের এসডি।
পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ বলেন, তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটির সদস্য সচিব কাউখালীর ইউএনও ইসরাত জাহান বলেন, আমরা তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial