জেলার ৪৮৭টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে
শংকর জিৎ সমাদ্দার :
পিরোজপুর জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় এ বছর ৪৮৭টি মন্দির ও পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। বর্তমানে পুজা মন্ডপ ও মন্দিরগুলোতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মৃৎ শিল্পীরা ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শেষ মুহুর্তে রঙ এর কাজে। নির্ঘূম রাত কাটাচ্ছে শিল্পীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে মৃৎ শিল্পীরা তাদের নিখুঁত নৈপুন্যতার মধ্য দিয়ে দেবী দূর্গাকে নান্দনিক করতে সর্বাত্মকভাবে চেষ্টার কোন ত্রুটি করছেনা। প্রতি বছরের মত এ বছরও হিন্দুধর্মাবলম্বীদের বছরের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে ৪৮৭ মন্ডপে একদিকে চলছে প্রতিমা তৈরির কাজ অন্যদিকে আগত দর্শণার্থীদের আকর্ষিত করতে এসব মন্ডপগুলো নান্দনিক সাজে সাজাতেও ব্যস্ত সময় পার করছে আয়োজকবৃন্দরা। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শেফালি মালা- নবীন ধানের মঞ্জুরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীলপথে। আজ
মঙ্গলবার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী দূর্গার আগমনী বার্তা। মৃন্ময়ী রূপী দেবী দূর্গা চিন্ময়রুপে ধরনিতে নৌকায় এসে আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শনিবার মহা বিজয়া দশমী তিথিতে বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদ অনুষ্ঠান শেষে ঘোটকে (ঘাড়ায়) প্রস্থান করবে দেবী দূর্গা।
এদিকে জেলায় গত বছরের চেয়ে এবছর ১৪টি মন্ডপে পূজা বেড়েছে বলে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডল জানিয়েছেন। ৪৮৭টি মন্ডপের মধ্যে পিরোজপুর সদরে ৬৩, নাজীরপুর ১১২, ইন্দকানী ২৬, নেছারাবাদ (স্বরূপকাঠী)১০৮, মঠবাড়িয়ায় ৮৯, ভান্ডারিয়ায় ৫৩ এবং কাউখালীতে ৩৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ তিন ক্যটাগড়িতে ৪৮৭টি মন্ডপে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি মন্ডপে আনছার, পুলিশ ছাড়াও স্ব স্ব মন্ডপের আয়োজকদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে বলে জানা গেছে।
