পিরোজপুরে অপহরণ মামলায় ৪ জনের সাজা
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে নারী ও শিশু অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সাজা দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিরোজপুরের ২নং আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর এলাকার ধীরেন দাসের ছেলে বিকাশ দাস (২২), একই এলাকার রমীকান্ত মৃধার ছেলে বিকাশ মৃধা (২০), গৌরাঙ্গ মিস্ত্রীর ছেলে ব্রজ মিস্ত্রী (১৮) এবং ওয়াসিম কুমার মন্ডল।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৫ আগস্ট ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অষ্টম শ্রেনির (১৩) এক স্কুল ছাত্রীকে অপহরণ করে সাজাপ্রাপ্ত আসামীরা। পরেরদিন মেয়েটির বাবা বাদী হয়ে ইন্দুরকানি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ২৭ নভেম্বর ইন্দুরকানি থানার উপ-পরিদর্শক ওসমান গণি আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পর মামলার আসামী রিপন মাঝি মারা যায়। এছাড়া ওয়াসিম কুমার মন্ডল রায়ের সময় পলাতক ছিলেন।
বাদী পক্ষে আইনজীবি ছিলেন পিপি (নারী ও শিশু) আব্দুর রাজ্জাক খান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন ফাতেমা বেগম লাকী ও শওকত হোসেন।
