ইন্দরকানীতে প্রধান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দরকানীতে এক প্রধান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হুমকি দাতার বিরুদ্ধে থানায় জিডি ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে বিচারের দাবিতে আবেদন করা হয়েছে। রবিবার রাতে উপজেলার ০৭নং হোগলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুনকে ওই স্কুলের পার্শ্ববর্তী হোগলাবুনিয়া গ্রামের তফসের আলী মাতুব্বরের ছেলে দেলোয়ার হোসেন মাতুব্বর (৪৫) ও একই গ্রামের আঃ মান্নান মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৪০) প্রাণ নাশের হুমকি ও অশালীন আচরণ করায় তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন।
এছাড়া একই ঘটনায় ওই শিক্ষিকা সোমবার পিরোজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযুক্তদের বিচারের দাবিতে লিখিত আবেদন করেছেন। জেলা প্রশাসক আবেদনটি ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং পুলিশ সুপার ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
থানার ডায়েরী ও শিক্ষিকার লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ আগষ্ট ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য ম্যানেজিং কমিটির সভা ডাকলে সভা চলাকালীন বিদ্যালয়ের পার্শ্ববর্তী দেলোয়ার হোসেন মাতুব্বর ও মিরাজ মাতুব্বর সভা পন্ড করার জন্য ওই শিক্ষিকাকে অশালীন ভাষায় গালাগলি করে এবং স্কুলের বাহিরে বের হলে দু’পা ধরে ছিড়ে ফেলব বলে হুমকি দেয়। এসময় উপস্থিত জাতীয় পার্টি জেপির ইন্দুরকানী উপজেলার সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করে। এবিষয়ে জাতীয় পার্টি জেপির ইন্দুরকানী উপজেলার সহ-সভাপতি কাওসার দুলাল জানান, ম্যানেজিং কমিটির সভা চলাকালীন অভিযুক্ত দুই ব্যক্তি প্রধান শিক্ষিকাকে চরম ভাবে লাঞ্ছিত করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এবিষয়ে প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুন জানান, আমাকে প্রাণ নাশের হুমকি ও অশালীন আচরণ করায় নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী করেছি এবং এঘটনার বিচারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে আবেদন করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম জানান, বিষয়টি আমি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে তার পরামর্শ অনুযায়ী ওই শিক্ষিকাকে পদক্ষেপ গ্রহন করার জন্য বলা হয়েছে।
