শোকের মাসে মঠবাড়িয়ায় বিদ্যুৎ সাওজালের ব্যতিক্রমী শোক পালন
এস.এম. আকাশ, মঠবাড়িয়া :
জেলার মঠবাড়িয়ায় বিদ্যুৎ সাওজাল নামে এক তরুণ শিক্ষার্থী পুরো আগস্ট মাস জুড়ে ব্যতিক্রমী শোক পালন করছে। জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও এ অবিসংবাদিত নেতার হত্যাকারী সকল ঘাতকদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে পুরো আগস্ট মাস জুড়ে শিক্ষার্থী বিদ্যুৎ সাওজাল শোকের চেতনায় দিবা রাত্রি কালো পোশাক আর খালি পায়ে হেঁটে জনসাধারণকে শোকের চেতনায় উদ্বুদ্ধ করে চলেছেন।
মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার বিধান সাওজালের ছেলে বিদ্যুৎ সাওজাল জানান, পুরো আগস্ট মাস জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ঘাতকের ফাঁসির দাবিতে শোক পালন করে আসছি। দিবা রাত্রি কালো পোশাক আর খালি পায়ে পথ থেকে পথে ঘুরে মানুষকে শোকের মাসে চেতনায় উদ্বুদ্ধসহ সাধারণ মানুষকে স্বাগত জানিয়েছেন তরুন এ যুবক।
২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর সে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিছুটা আত্মনিমগ্ন এ তরুণ মানুষ ও সমাজের সুস্থ ধারা টিকিয়ে রাখার প্রতি নিজেকে ব্যস্ত রাখছেন। নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তার অংশগ্রহণ ও উদ্যোগ অব্যহত রয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকে আগস্ট মাস জুড়ে সে শোক পালন করে আসছে।
বিদ্যুৎ সাওজাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জাতি যে কলংকিত হয়েছে তার বিচার এখনও সম্পন্ন হয়নি। যত দিনে হত্যাকারী পলাতক ছয় ঘাতকের ফাঁসি না হবে ততদিনে জাতির এ কলংক মোচন হবেনা।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফ-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই উদ্যোক্তা তরুণের ব্যতিক্রমী শোক পালনের বিষয়টিতে আমরা অভিভূত। এইসব তরুণরাই আমাদের চেতনার শক্তি ও সাহস।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, আগস্ট মাস জুড়ে তরুণের এমন শোকের চেতনা সত্যি দেশের জন্য একটি মহতি কাজ বলে মনে করি।
স্থানীয় সাংস্কৃতিজন শিবু সাওজাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন ও লালন করা ছাড়া বাঙালীর মুক্তি নেই। আমাদের তরুণ সমাজ যেখানে নানা অবক্ষয়ের শিকার সেখানে দেশ ও মানুষের চেতনার জীবনবোধের যে কোন তারুণ্য আমাদের কাছে গ্রহণযোগ্য। বিদ্যুৎ সে চেতনাধারী তরুণ।
