বাগেরহাটে রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ ॥ আটক ৪
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১১ টার দিকে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার সকালে পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে উভয় পক্ষের চারজনকে আটক করেছে।
উভয় পক্ষের আহতরা হলেন, ইমরান শেখ (২১), সাব্বির শেখ (২২), কোরবার আলী (২৪) ও সোহেল শেখ (২২)। এদের সকলের বাড়ি পূর্ব বাসাবাটি এলাকায়। তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক। তবে এরমধ্যে কারা কোন পক্ষের তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন, শেখ আব্দুল মান্নান, মো. আব্দুল বারেক, সৈয়দ মুছাব আলী ও জাহিদুল ইসলাম।
হাসপাতালে চিকিৎসাধীনদের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার আওয়ামী লীগের সমর্থক শেখ আব্দুল মান্নান ও কোরবান আলীর সাথে স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে প্রায় এক বছর আগের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে পূর্ব বাসাবাটি এলাকায় উভয় পক্ষের ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চারজন রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এদের সবার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। সোহেল নামের একজনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দলে কোন পদ না থাকলেও তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক। হামলা ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
