স্বরূপকাঠীতে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের মতবিনিময়
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠীতে পেয়ারা বাগান সমৃদ্ধ আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্থানীয় ফলচাষ ও ভাসমান বাজার বিষয়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ আখতারুজ্জামান খান কবির।
শনিবার সকালে কুড়িয়ানা কবি গুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহমেদ, অধ্যক্ষ মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিফাত সিকদার, প্রকৌশলী মোঃ কবির মিঞা, স্থানীয় পেয়ারা চাষী দ্বিগবিজয় সমদ্দার, রতন সিকদার প্রমুখ। সভা শেষে কর্পোরেশনের চেয়ারম্যান কুড়িয়ানায় মন্ত্রণালয় কর্তৃক পর্যটকদের জন্য বিশ্রামাগার নির্মানের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।
সভায় প্রধান অতিথির সামনে বক্তারা চাষীদের দুঃখ দুর্দশার কথা জানান। তাদের দুঃখ দুর্দশা লাগবে পর্যটন কর্পোরেশন চেয়ারম্যানের সামনে বাংলার আপেলখ্যাত পেয়ারা বাগানের উন্নতি করনের লক্ষ্যে জীব ও কৃষি বৈচিত্র্য ঘিরে বিভিন্ন দাবী দাওয়ার আবেদন জানান। এ সময় আটঘর কুড়িয়ানাকে পর্যটন কেন্দ্র ঘোষণার জন্য জোড়ালো দাবী জানানো হয়।
