মোল্লারহাট উপজেলার ইউএনও’র গাড়ী চালকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ী চালক নূরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ.এম ইরফান উদ্দিন আহমেদকে এ তদন্তের নির্দেশ দেয়া হয়।
এরআগে গত ৬ জুন নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন মোল্লারহাটের উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এস. কে. হায়দার মামুন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোল্লারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক নূরুল ইসলাম দাপ্তরিক কর্মকান্ডের হোতা সেজে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষদের হয়রানী করছে। মোল্লারহাট উপজেলায় কোন লোক সেবা নিতে আসলে কাজ করে দেবার কথা বলে নূরুল ইসলাম তাদের বিভিন্ন ভাবে হয়রানী করে। উপজেলা রাজস্ব প্রশাসন কমপ্লেক্সের ৩০ একরের অধিক সম্পতিতে থাকা নারকেল-সুপারীসহ যাবতীয় ফল-ফলাদি এবং দীঘির মাছ বিক্রয় করে। সরকারী কোষাগারে কোন অর্থ জমা না দিয়ে সে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছে। ড্রাইভার নূরুল ইসলামের প্রভাব খাটিয়ে উপজেলা পরিষদ চত্বরে ২০১০-১১ অর্থ বছরে প্রতিষ্ঠিত লাকসই প্রযুক্তির যাদুঘর বিলুপ্ত হয় এবং বিলুপ্ত হওয়ার পর সেখান থেকে ১০টি কম্পিউটারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল সে হাতিয়ে নেয়। তার অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় উপজেলার নৈশ প্রহরীকে মারপিটসহ বিগত কয়েক বছর ধরে উপজেলা পরিষদের মাসিক সভায় আপ্যায়ন খাতে বরাদ্ধ ২০ হাজার টাকার চেক নিজ নামে ইস্যু করে মাসিক সভায় উপস্থিত সদস্যদের নাম মাত্র আপ্যায়ন করে টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। এমনকি উপজেলা রাজস্ব তহবিলে প্রতি মাসে ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে টকা উত্তোলন করে নিয়েছেন যার সত্যতা দাপ্তরিক রেকর্ড রেজিষ্টার পরীক্ষা করলে পাওয়া যাবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ইরফান উদ্দিন আহমেদ বলেন, মোল্লারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক নূরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি তদন্তের জন্য সোমবার দুপুরে অভিযোগকারী উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ড্রাইভার নুরুল ইসলামের সাথে কথা বলেছি। এ বিষয়ে আরো তদন্তের পর প্রতিবেদন দাখিল করা হবে।
ড্রাইভার নূরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
