কাউখালীতে ঢাকামুখী যাত্রীদের ভিড় ॥ যাত্রী দুর্ভোগ চরমে
কাউখালী প্রতিনিধি :
ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ভিড় বেড়েছে কাউখালী স্টীমার ও লঞ্চ ঘাটে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্টীমার ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল চোখে পড়ার মতো।
সেই সাথে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউখালী লঞ্চঘাট ও স্টিমার ঘাটে শনিবার ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসাব রাখা কারও পক্ষে সম্ভব হয়নি। তবে কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৫টি লঞ্চও ১টি স্টিমার। বিআইডব্লিউটিসির স্টিমারে বাঙালী তিল ধারণের ঠাঁই ছিল না যা দেখে মনে হয়েছে ঈদের পর সর্বাধিক পরিমাণ ঘরেফেরা মানুষ কর্মস্থলে ফিরে গেছেন।
শনিবার সরজমিনে গিয়ে দেখা গেছে টিপু-১০, রাজদুত-৭, ফারহান-৯, মহারাজ-৭, মানিক-১ লঞ্চে তিল ধারণের জায়গা নেই। এসব ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে লঞ্চগুলো। এরপরও রয়েছে ছোট-বড় ১০ থেকে ১২টি লঞ্চ ঘাট।
সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার এমভি বাঙালী মোড়লগঞ্জ-মাছুয়া-হুলারহাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে কাউখালীতে ঘাট দিলেও স্টিমারে ছিল যাত্রীদের প্রচন্ড ভীড়।
কাউখালী রাজাপুর, স্বরূপকাঠী, ঝালকাঠী একাংশের হাজারো মানুষ কাউখালী লঞ্চস্টেশন থেকে যাতায়াত করে থাকে। এ কারণে ভিড় একটু বেশি বলে সংশ্লিষ্টরা জানান।

