প্রধান সূচি

ক্ষমতার দাপট ! মঠবাড়িয়ায় রাস্তার ওপর আ.লীগ নেতার ইটের পাঁজা !

এস.এম. আকাশ, মঠবাড়িয়া থেকে :

মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের চলাচলের রাস্তার ওপর ইটের পাঁজা স্থাপন করেছেন এক ইউনিয়ন আ’লীগ নেতা। ইটের পাঁজার মালিক সরোয়ার হোসেন উপজেলার ধানীসাফা ইউনিয়ন আ’লীগের ক্রীড়া সম্পাদক। ওই আ’লীগ নেতা প্রভাব খাটিয়ে রাস্তা জুড়ে ইটের পাঁজা তৈরি করে কাঠ দিয়ে নির্বিঘ্নে পুড়ছেন ইট। ফলে গ্রামবাসির চলাচলে বিঘ্ন ঘটছে। ইটের পাঁজা মালিক আওয়ামী লীগ নেতা বিধায় এলাকার কেউ বাঁধা দিতেও সাহস পাচ্ছেনা।

সরেজমিনে গিয়ে দেখাযায়, পাতাকাটা গ্রামের সুলতান আহম্মেদ মোক্তারের ছেলে আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন গ্রামের কৃষিজমিতে বিশালকৃতির ইটের পাঁজা স্থাপন করেছেন। যা ইতিমধ্যে পুড়িয়ে ইট তৈরী করা হয়েছে। গত এক সপ্তাহ আগে কৃষি জমির ইটের পাঁজা মাঠের জলাবদ্ধতার কবলে পড়ে। এরপর ইটের পাঁজা মালিক নতুন করে মাঠের পার্শ্ববর্তী গ্রামের চলাচলের রাস্তার জুড়ে আরও একটি ইটের পাঁজা স্থাপন করে। গত বুধবার বিকেলে সেখানের রাস্তা জুড়ে জ্বালানী কাঠ মজুদ করে ইটের পাঁজায় আগুন দেয়া হয়। অপর দিকে রাস্তার ওপর ওই ইটের পাঁজার ধোঁয়া ছড়িয়ে পড়ছে গ্রাম জুড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাতাকাটা গ্রামের এক যুবক জানান, কৃষিজমিতে একটা বড় ইটের পাঁজা থাকলে নতুন করে রাস্তার ওপর ওই ইট পাঁজা মালিক আরও একটা পাঁজা স্থাপন করেছেন। এতে মানুষের চলাচল, পরিবেশ বিঘ্নিত হচ্ছে ও কৃষির মারাত্মক ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে ইট পাঁজা মালিক মোঃ সরোয়ার হোসেন মোক্তার বলেন, আমার কৃষিজমিতে ইটের পাঁজায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় আমি ক্ষতির সম্মূখীন। কয়েক হাজার কাঁচা ইট বানানো ছিল। নিরুপায় হয়ে রাস্তার পাশে ইট পোড়াতে হচ্ছে। তবে এতে জনসাধারণের চলাচলে কোন সমস্যা হচ্ছেনা। আমি ইটের পাঁজাটি আজ কালের মধ্যে রাস্তা থেকে সরিয়ে নেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, বিষয়টি আমি আজ জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। একদিনের মধ্যে রাস্তা থেকে ইটের ভাটা সরিয়ে না নিলে ইটের পাঁজা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial