শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকতে হবে …. মহিউদ্দিন মহারাজ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, পরীক্ষায় পাশের হার বাড়লেই হবে না, নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে দেশ পরিচালনা করবে। তারাই দেশের রাজনীতিবিদ, সচিব, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা হবে। তাই তাদেরকে ভাল লেখাপড়া করে এক একজনকে দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
আর সেজন্য শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকতে হবে। আর এজন্য শিক্ষক ও অভিভাবকদেরও তাদের শিক্ষার্থী ও সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে। সকলের সহযোগিতা নিয়ে পিরোজপুর থেকে মাদকমুক্ত করতে হবে।
আজ শনিবার দুপুরে জেলায় জিপিএ-৫ প্রাপ্ত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারমান মহিউদ্দিন মহারাজ বলেন, পিরোজপুর জেলার শিক্ষার মানকে আরো উন্নত করার জন্য জেলা পরিষদ থেকে একটি প্রকল্প নেয়া হবে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করে পিরোজপুরকে একটি আধুনিক ও মডেল জেলা
তৈরী করা হবে।
জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, অভিভাবক সাফিয়া বেগম, মেধাবী শিক্ষার্থী জেসমিন আক্তার রুবি, সুশান্ত ঘোষাল।
পিরোজপুর জেলায় ২০১৬ সালের অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮০ জন মেধাবী
শিক্ষার্থীদের মধ্যে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এককালীন শিক্ষাবৃত্তি এবং সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে ১২২ জন ছাত্রী ও ৫৮ জন ছাত্র রয়েছে।
শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হয়।
