মোড়েলগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজের দুই দিন পর নান্না শেখ (২৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নান্নাকে দুর্বৃত্তরা ধারলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে নদীতে মরদেহ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তার গলা ছাড়াও পেটে ধারলো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহত নান্না শেখ পেশায় গরু ও ছাগল ব্যবসায়ী। তিনি মোড়েলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার মৃত করিম শেখের ছেলে।
আজ শনিবার দুপুরে মোড়েলগঞ্জের পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ নান্নার মরদেহ উদ্ধার করে। গত ১১ মে থেকে নান্না শেখ নিখোঁজ ছিলেন।
শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নান্নার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, নান্না গত ১১ মে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। ওই দিন অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। পরদিন তারা নান্নাকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে মোড়েলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তার সন্ধানে মোড়েলগঞ্জের বিভিন্ন এলাকাসহ জেলার বাইরে ওয়্যালেস বার্তা পাঠায়। শনিবার সকালে স্থানীয়রা মোড়েলগঞ্জের পানগুছি নদীর গাবতলা এলাকায় নান্নুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নান্নুর পরিবারের সদস্যরা সেখানে পৌছে তার মরদেহ সনাক্ত করেন।
তিনি বলেন, শুক্রবার কোন এক সময়ে নান্নুকে দুর্বৃত্তরা ধারলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে নদীতে মরদেহ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার গলা ছাড়াও পেটে ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। কি কারনে নান্নুকে হত্যা করা হয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
