নাজিরপুরে এক আইনজীবীর বিরুদ্ধে এলাকার লোকজনকে হয়রানীর অভিযোগ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মৌখালী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার ভক্তের বিরুদ্ধে এলাকার নিরীহ জনগনকে হয়রানীর অভিযোগ উঠেছে। গ্রামের ক্ষতিগ্রস্থ একটি পবিবার আজ শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এসময় হাজেরা বেগম (৬০) নামের এক নারীর কান্নায় প্রেসক্লাবের পরিবেশ ভারী হয়ে ওঠে।
সংবাদ সম্মেলনে হাজেরা বেগম বলেন, তার বসত বাড়ি দখলের উদ্দেশ্যে অ্যাডভোকেট তাপস তার (হাজেরা) স্বামী এবং সন্তানের বিরুদ্ধে এ পর্যন্ত ১০/১২ টি হয়রানীমূলক মামলা দায়ের করেছেন। দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে তার (তাপস) দায়েরকৃত মামলার ভয়ে বাড়ির পুরুষ ব্যক্তিরা পলাতক অবস্থায় জীবনযাপন করছেন। এমনকি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও আমার স্বামী আফজাল শেখের বিরুদ্ধে জামায়াত শিবিরের কর্মী উল্লেখ করে মামলা দিয়েছে। এডভোকেট তাপসের অত্যাচার নিপিড়নে আমরা মরার মত জীবন যাপন করতে বাধ্য হচ্ছি।
এসময় উপস্থিত এলাকাবাসী অ্যাডভোকেট তাপসের নানা হয়রানীর অভিযোগ তুলে ধরেন। তারা অভিযোগ করেন, স্থানীয় শালিশ বৈঠক এলাকার গন্যমান্য, চেয়ারম্যান কারও ফয়সালা তাপস মানেন না। সে অ্যাডভোকেট হওয়ায় একরে পর এক মিথ্যে মামলা দিয়ে মানুষদের হয়রানী করে যাচ্ছেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম শেখ বলেন, এ কেমন অ্যাডভোকেট যে একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ জনগনের সুখ শান্তি কেড়ে নিচ্ছে। আমরা কোথায় গেলে ন্যায় বিচার পাব?
একই এলাকার সুধাংসু শেখর হালদার বলেন, ন্যায়ের পক্ষে অবস্থান নিলে আমাদেরকে মামলার হুমকি দেয়। এমন কি আমার ছেলেকে মারধর করেছে।
পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের তারা জানান, এ সংক্রান্ত অভিযোগ তারা পিরোজপুর আইনজীবী সমিতি, পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজকেও অবহিত করবেন।
