আল্লাহতালা ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না …. আনোয়ার হোসেন মঞ্জু
সাইফুল্লাহ হুমায়ুন ও শংকরজীৎ সমাদ্দার ঃ
পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, মহান আল্লাহতালা ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যারা মানুষের উপর অত্যাচার-নির্যাতন করে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, কারও সাথে অন্যায়-জুলুম করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। মজলুমের কাছে ক্ষমা না চাইলে আল্লাহ জুলমকারীকে ক্ষমা করবেন না। এই জন্য মানুষের সাথে নরম কণ্ঠে কথা বলা উচিত। আল্লাহর রহমত না থাকলে ভাগ্যের পরিবর্তন হয় না।
তিনি বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত নয় দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখেরী মোনাজাতে শরিক হয়ে মুসল্লীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আনোয়ার হোসেন বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই শব-ই-বরাতে সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আমি আগেও এ তাফসীর মাহফিলে অনেক বার উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। কিন্তু কখনই শব-ই-বরাতে ঢাকার বাইরে ছিলাম না। নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। এই নামাজ একান্ত চিত্তে পড়তে হবে। আল্লাহ বলেন ‘আমি এমন কিছু করতে বলিনি যার দ্বারা তোমাদের কষ্ট হবে, নামাজ বড় ও ছোট সুরা দ্বারাও পড়া যায়’। আমরা রাতে ঘুমানো সময় তওবা করে ঘুমাই, কারণ সকালে ঘুম থেকে উঠে আবার অফিসে যেতে পারব কিনা তার কোন নিশ্চয়তা নেই। তিনি বলেন, আল্লাহ মহান, সর্বশক্তিমান এবং সকল ক্ষমতার মালিক। আমাদের সব সময় চিন্তা ও ধ্যনধারণার মধ্যে আল্লাহকে স্মরণ করতে হবে।
তফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে আখেরী মোনাজাত পরিচালনা করেন সন্দ্বীপী পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ফায়জুল্লাহ। ভান্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন
ফাউন্ডেশনের সভাপতি ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বৃহস্পতিবার সন্ধ্যার পর ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের চড়াইল জোমাদ্দার হাট সংলগ্ন মো. রাশেদ জোমাদ্দারের বাড়িতে গ্রামবাসীদের সাথে এক উঠান বৈঠকে মিলিত হন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব ও সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এ বৈঠকে এলাকার বিদ্যুৎ, রাস্তা ও গভীর নলকূপ বিষয়ে বক্তব্য রাখেন মো. লোকমান জোমাদ্দার, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, নজীর আলী জোমাদ্দার, ইউপি সদস্য মো. হারুন অর রশীদ, শিক্ষক মজিবুর রহমান, কলেজ ছাত্র মাহমুদল হাসান প্রমুখ গ্রামবাসী। এ সময় মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, গ্রামীণ রাস্তা দিয়ে রিকসা-ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচল করার কথা থাকলেও ভারী যান চলায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা নির্মাণে অনিয়ম হওয়ায় তা বার বার মেরামত করতে হচ্ছে। জনগণকে রাস্তার প্রতি খেয়াল রাখাসহ তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রকল্পের বিষয় এলাকাবাসীকে অবহিত করতে অনুরোধ জানান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী।
বিকেলে মন্ত্রী গৌরীপুর ইউনিয়নের ডাক্তার হাট বাজার সংলগ্ন খালের উপর ৪৮ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজ ও আমানউল্লাহ কলেজ থেকে গৌরীপুর সিপাহী বাড়ী পর্যান্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এলজিইডি’র এ দু’টি নির্মিণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি দোয়া ও মোনাজাতে শরিক হন।
তিনি গত বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণ প্রজন্মের মধ্যে যে গতি সঞ্চারিত হয়েছে তা আমাদেরকে আশাবাদী করে তুলছে। দেশের উন্নয়ন ভাবনায় তরুণদের এ গতি অপ্রতিরোধ্য এবং এর প্রভাব সুদৃঢ়, সুগভীর ও সুদূরপ্রসারী। যা আমাদের ভবিষ্যতকে আরো সম্ভাবনাময় করে তুলবে।
মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে উপজেলা পরিষদ তথা প্রশাসনিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। উন্নয়ন কাজ যাতে সুষ্ঠ ভাবে করা যায় তার জন্য স্থানীয় পর্যায়ের জন প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রের নজরদারী থাকবে কিন্তু হস্তক্ষেপ করা বাঞ্চনীয় নয়। স্থানীয় জনপ্রতিনিধিদেরও মিলে মিশে কাজ করতে হবে এবং জনগণের সামনে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতবাদ থাকতে পারে কিন্তু তা উন্নয়ন ক্ষেত্রে বাঁধা হয়ে দাড়ানো কাম্য নয়।
মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদেরও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন কাজসহ সকল সেবা মুলক কাজ করার মানসিকতা থাকা জরুরী। বিকেন্দ্রীকরণের ধারণা আত্মস্থ করা যেমন সকলের জন্য অপরিহার্য্য তেমনি এ ক্ষেত্রে গতানুগতিক ধারণার পরিবর্তন করে উপলব্ধি করতে হবে দায়িত্ব পালন ক্ষেত্রে সকলেই জনগণের সেবক।
সমস্যা আছে সমস্যা থাকবে কিন্তু এর মধ্যেও কাজ করে যেতে হবে, বিদ্যমান অসুবিধা দূর করতে সময় লাগলেও ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবেলা করা সকলের দায়িত্ব। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং সকল দপ্তরের প্রধানদের কাছ থেকে বক্তব্য শোনেন।
এ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী সভাপতিত্ব করেন। শেষে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
