মসজিদের জমি দখলের সহায়তার অভিযোগ || নাজিরপুরে এসিল্যান্ডের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ
ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি :
জেলার নাজিরপুরে মসজিদ ও মাদ্রাসার জমি দখলে সন্ত্রাসীদের সহায়তার করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) -এসিল্যান্ডের অপসারণের দাবীতে ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। জমি দখলের সময় স্থানীয়রা ৫ জন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ব্যবসায়ীদের এ বিক্ষোভ সমাবেশে স্থানীয় জনসাধারণসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাত্বতা প্রকাশ করে এসিল্যান্ডের বিভিন্ন ঘুষ-দুর্নীতি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বিক্ষোভ শেষে বিক্ষুব্দ জনতা উপজেলা ইউএনও’র কার্যালয় ঘেরাও করার জন্য রওয়ানা হলে নাজিরপুর থানা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
সরেজমিনে জানা গেছে, উপজেলার শ্রীরামকাঠী বন্দরে কেন্দ্রীয় জামে মসজিদ ও আলহাজ্ব মোঃ সিরাজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা বিগত ৩০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হবার পর থেকে অধ্যবদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। ওই মসজিদ-মাদ্রাসার ব্যবহৃত জায়গা থেকে এক শতক জায়গা উপজেলা ভূমি অফিসের মাধ্যমে বন্দোবস্ত নেয় মনিন্দ্র নাথ মিস্ত্রী। ওই জায়গা মনিন্দ্র নাথ মিস্ত্রীর কাছ থেকে ক্রয় করা হয়েছে মর্মে দাবী করে আসছিল শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী মজিবুর রহমান। সে তার দাবীকৃত জায়গা ভোগ দখল করতে না পেরে চলতি বছরের ২২ জানুয়ারি নাজিরপুরে যোগদানকারী এসিল্যান্ড মুহম্মদ শামীম কিবরিয়ার দারস্থ হয়। সম্প্রতি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীজনিত কারণে এসিল্যান্ড মুহম্মদ শামীম কিবরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। এ সুযোগ কাজে লাগিয়ে এসিল্যান্ড মুহম্মদ শামীম কিবরিয়া অবৈধভাবে মজিবর রহমানকে ওই জায়গা দখল করিয়ে দেয়ার জন্য গত সোমবার সকাল ১০টায় মসজিদ ও মাদ্রাসাস্থলে গিয়ে কর্তৃপক্ষকে মজিবরের দাবীকৃত জায়গা বুঝিয়ে দেয়াসহ সরকারি জায়গা থেকে মসজিদ মাদ্রাসা সরিয়ে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার পরের দিন গতকাল মঙ্গলবার সকালে মজিবর রহমান ও তার ছেলে তারিকুজ্জামান বহিরাগত ৬/৭ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রের মুখে ওই জায়গায় দখল করে সেখানে থাকা মাদরাসার ১টি ঘর ভেঙ্গে ফেলে। এ সময় বন্দরের হিন্দু-মুসলিমসহ সকল ব্যবসায়ীরা এক হয়ে ৫ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলো- মুজিবরের ছেলে তারিকুজ্জামান (১৯), পিরোজপুর সদর উপজেলার হরিণা গ্রামের মৃত আঃ রহমান হাওলাদারের ছেলে মারুফ হোসেন (২৬), সিদ্দিকুর রহমানের ছেলে তানভীরুল ইসলাম হাসিব (১৮), দক্ষিন রানীপুর গ্রামের জামাল হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার (২১) ও বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মৃত সাঈদ আহম্মেদের ছেলে মুতাসিম বিল্লাহ (৩০)।
শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান সবুজ জানান, মজিবুর রহমানের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। তিনি ওই বন্দেরের তামান্না গার্মেন্টসের মালিক। সে ২০১৪ সালে জিহাদী বই, লিফলেট ও ১ কোটি টাকার চেকসহ জেএমবি সম্পৃক্ততার অভিযোগে নাজিরপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ওই বন্দরের বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী জানান, মাদ্রাসার দখলে থাকা এক শতক খাস জমি সম্প্রতি আমরা মাদরাসার নামে বন্দোবস্ত নেয়ার জন্য ভূমি অফিসে যোগাযোগ করলে এসিল্যান্ড মুহম্মদ শামীম কিবরিয়া বাজার এলাকা থেকে মসজিদ-মাদ্রাসা সরিয়ে নদীর অপর প্রান্তে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বরতকাঠীর চরে যেতে বলেছেন।
ঘটনার বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা এসিল্যান্ড মুহম্মদ শামীম কিবরিয়ার মুঠোফোনে (০১৭১১০০৯৯৮১) একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল সরোয়ার স্থানীয় জনতা কর্তৃক ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
