নাজিরপুরে মুক্তিযোদ্ধাকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নাজিরপুর প্রতিনিধি :
নাজিরপুরে এক মুক্তিযোদ্ধাকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ওই মুক্তিযোদ্ধা উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠী-নাজিরপুর সড়কের ভীমকাঠী গ্রামের মধুমতি ফিশারীর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী প্রাণ কোম্পানীর ডিলার ও সততা বাণিজ্য ভান্ডারের স্বত্তাধিকারী আলহাজ্ব আলতাফ হোসেন বেপারী কোম্পানীতে টিটির মাধ্যমে টাকা পাঠানোর জন্য ছেলে সাইফুল বেপারীর সাথে মোটর সাইকেলে যোগে উপজেলা সদরের পূবালী ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা করেন। বিকেল অনুমান ৩ টার দিকে শ্রীরামকাঠী-নাজিরপুর সড়কের ভীমকাঠী গ্রামের মধুমতি ফিশারী সংলগ্ন অমিয় মাষ্টারের বাড়ির পশ্চিম পাশে পৌছালে পূর্ব থেকে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং তার হাতে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
