ইন্দুরকানীতে ব্রীজ বিধ্বস্ত || চরম ভোগান্তিতে এলাকাবাসী
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মালবাহী ট্রলারের ধাক্কায় আয়রণ ব্রীজ বিধ্বস্ত হওয়ায় ৪ দিন ধরে চলাচলে ব্যাহত হচ্ছে এলাকাবাসীর। উপজেলা সদরের ইন্দুরকানী বাজার সংলগ্ন চাড়াখালী খালের আয়রণ সেতুটি ট্রলারের ধাক্কায় গত রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ হওয়ায় ৪ দিন ধরে দুই উপজেলার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসীসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। প্রতিদিন এই সেতুটি পার হয়ে উপজেলাগামী বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে উপজেলা সদরে আসতে হয়। কিন্তু গত ৪ দিনেও সেতুটি সংস্কার না হওয়ায় সেতুর দুই পাড়ের বাসিন্দারা নৌকা দিয়ে পারাপার হচ্ছে। এই সেতুর পশ্চিম প্রান্তে ২টি খাদ্যগুদাম, বলেশ্বর নদের শেখ ফজলুল হক মনি সেতু, চাড়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ, পূর্ব প্রান্তে ইন্দুরকানী বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা সদরের বিভিন্ন অফিসগামী লোকজনকে পারাপার হতে হয়। গত রবিবার বিকেলে উপজেলার চাড়াখালী খালের উপর নির্মিত চাড়াখালী আয়রণ ব্রীজটি এম. ভি হাওলাদার-১ নামে একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে ব্রীজটির মাঝখান থেকে ভেঙ্গে যায়। ৩ দিনের মধ্যেই ট্রলার মালিক ব্রীজটি মেরামত করার অঙ্গীকার করলেও তারা সংস্কার শুরু করেনি। তবে সাময়িক অসুবিধার জন্য অস্থায়ী খেয়ার মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, সেতুটিকে ধাক্কা দেয়া মালবাহী ট্রলারটিকে আটক করলেও তারা ৪ দিনের মধ্যে সেতুটি মেরামত করে দেয়ার কথা বলেছিল। কিন্তু তারা এখনও কাজ শুরু করেনি। উপজেলা এলজিইডির সহকারি প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিধ্বস্ত সেতুটি সংস্কারের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে যারা ক্ষতি করেছে তারা সংস্কারে সহায়তা করলে চলাচলের উপযোগী করা যেতে পারে।
