ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে স্বরূপকাঠীতে শিক্ষক বরখাস্ত
স্বরূপকাঠী প্রতিনিধি :
ফেসবুক ষ্ট্যাটাসে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বাজে ও কুরুচিপূর্ন মন্তব্য করার অভিযোগে স্বরূপকাঠী উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সুশেন মন্ডলকে বরখাস্ত করা হয়েছে। রবিবার রাতে এলাকাবাসী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন।
জানাগেছে, ওই বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুশেন মন্ডল ইসলাম ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া ‘যে কারনে মুসলিম মেয়েটি হিন্দু ধর্ম গ্রহন করল’ নামক একটি ফেসবুক পেজ ‘ঝঁংযবহ গড়হফধষ’ নামে নিজ আইডিতে শেয়ার দেয়াসহ নিজেও ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে মন্তব্য করেন। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী ফেসবুকে দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষকে অবগত করেন। পরে ওই শিক্ষকের বিচার চেয়ে স্থানীয়রা রবিবার বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এতে ক্রমেই পরিস্থিতি উত্যপ্ত হয়ে উঠে। এলাকার শত শত মানুষ বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পরিচালনা পরিষদের জরুরী সভা আহ্বান করে তাৎক্ষনিক সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক সুশেন মন্ডলকে সাময়িক ভাবে বরখাস্ত করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মোঃ আল আমিন পারভেজ বলেন, বিদ্যালয়ের শিক্ষক সুশেন মন্ডল নিজ আইডিতে অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তনের বিষয় নিয়ে একটি ফেসবুক পেজ শেয়ারসহ ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে তিনি ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন। তিনি বলেন, বিষয়টি শিক্ষক সুশেন মন্ডল স্বীকার করায় এবং পরিস্থিতি সামাল দিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। পরে কি হয়েছে আমি আর জানিনা।
