মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে রবিবার রাতে যুবলীগ কর্মী ইব্রাহীম হাওলাদার (২৫)কে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
সোমবার সকালে ইব্রাহীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এলাকাবাসী। আহত ইব্রাহীম আমরাগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগ কর্মী।
আহত ইব্রাহীম জানান, রবিবার বিকেলে উপজেলা সদরের শহীদ মোস্তফা খেলার মাঠে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে ৭/৮ জনের একটি দুর্বৃত্ত দল পথরোধ করে এলোপাথারিভাবে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পার্শবর্তী কৃষি জমিতে ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা সোমবার সকালে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে বিকেলেই কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবচিম হাসপাতালে প্রেরণ করেণ। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
