মহড়া …
ষ্টাফ রিপোর্টার :
রবিবার দুপুর পোনে ১২ টা। জেলা শহরের পিরোজপুর-হুলারহাট সড়কের পাশে সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় হঠাৎ বেজে উঠলো ফায়ার সার্ভিসের সাইরেন। তাকিয়ে দেখা গেল সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে একটি কুঁড়ে ঘরে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে রাস্তাসহ উপজেলা কমপ্লেক্স ও আশেপাশের এলাকায় লোক জমায়েত হয়ে গেছে। উৎসুক মানুষের দৃষ্টি উপজেলা কমপ্লেক্সের দিকে। সকলের মাঝে একটা অজানা প্রশ্ন কি হয়েছে ? ফায়ার সার্ভিসের সাইরেনের শব্দ শুনে ততক্ষনে থানা থেকে পুলিশের গাড়িও ছুটে এসেছে। ওদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যস্ত কুঁড়ে ঘরের আগুন নিভাতে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালাচ্ছে।
তবে বিষয়টি সত্যিকারের কোন আগুন লাগার ঘটনা নয়। এটি ছিল দূর্যোগ মোকাবেলার একটি মহড়ার দৃশ্য।
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিনির্বাপনসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে পিরোজপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার শহরের উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ মহড়াটির আয়োজন করে।
