প্রধান সূচি

স্বরূপকাঠীতে এইচএসসি’র ফরম ফিলাপে চলছে গলা কাটা ফি আদায়

শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায় করা হচ্ছে।

বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে নিয়মিত মানবিক শাখার জন্য ১ হাজার ৯০৫ টাকা, বিজ্ঞানে ২ হাজার ৩২৫ টাকা এবং ব্যবসা শাখার জন্য ১ হাজার ৯০৫ টাকা আদায়ের নির্দেশ রয়েছে। কিন্তু উপজেলার প্রতিটি কলেজেই বোর্ড নির্ধারিত এই ফি ছাড়াও জনপ্রতি শিক্ষার্থীদের কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে বেশি আদায় করা হচ্ছে। আবার কোন কলেজ টেষ্ট পরীক্ষায় দুই থেকে চার বিষয়ে অনুত্তীর্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিষয় প্রতি ১৫০ থেকে ৫০০ টাকা জরিমানা ধরে সর্বমোট তিন থেকে চার হাজার টাকার বেশি টাকা আদায় করেছে বলে খবর পাওয়া গেছে। কোচিং ফি, দিবস ফি, ধর্মীয় আচার অনুষ্ঠানের ফি এর অজুহাত দেখিয়ে নানা ধরনের ফি আদায়ের নামে কলেজগুলো ফরম ফিলাপের সাথে এ টাকা আদায় করেছে। বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত বোর্ডের ফি এবং কলেজের অন্যান্য ফি পৃথক পৃথক রশিদের মাধ্যমে গ্রহনের নির্দেশ রয়েছে। অথচ উপজেলার কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজ, রাজবাড়ী ডিগ্রী কলেজ, শহিদ স্মৃতি ডিগ্রী কলেজসহ অধিকাংশ কলেজই কোন রশিদ ছাড়াই এসব টাকা আদায় করে চলছে। অবশ্য কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীদের রশিদ দিয়ে দেয়া হবে।

উপজেলার কবি গুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার ফরম পূরণকারী গোপাল মিত্র জানান, সে টেষ্ট পরীক্ষায় তিন বিষয়ে ফেল করেছে। এজন্য তার কাছ থেকে ১৫০০ টাকা জরিমানাসহ সর্বমোট ৮ হাজার ২৫ টাকা নেয়া হয়েছে। একই কলেজের মানবিক শাখার বৃষ্টি হালদার জানায়, সে ২ বিষয়ে ফেল করে এক হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫ হাজার ৮২৫ টাকা দিয়ে এ কলেজ থেকে পরীক্ষার ফরম ফিলাপ করেছে। তার কথানুযায়ী চলতি বছর কবি গুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজ থেকে বেশিরভাগ পরীক্ষার্থীই তিন থেকে চার বিষয়ে ফেল করেছে। তারা বিষয় প্রতি ৫০০ টাকা জরিমানাসহ ৭ হাজার, ৮ হাজার, ৯ হাজার টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে।

কলেজের উপাধ্যক্ষ সঞ্জিব কুমার হালদার বলেন, অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের কাছে ৭ হাজার থেকে ৯ হাজার টাকা আদায় করে পরীক্ষার ফরম ফিলাপের বিষয়ে তিনি বলেন, তাদের কাছে কলেজর বিভিন্ন বকেয়া ছিল।

উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী মাহফুজুর রহমান জানান, সে দুই বিষয়ে টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এজন্য বিষয় প্রতি দেড়’শ টাকা জরিমানা, দু’শ টাকা বিলম্ব ফি ছাড়াও ৩ হাজার ৫২৫ টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে।

জানা গেছে ওই কলেজে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৫২৫ টাকা , মানবিকে ৩ হাজার ১০৫ টাকা এবং ব্যবসায় শাখায় ফরম ফিলাপে ৩ হাজার ১০৫ টাকা ধার্য করা হয়েছে। শিক্ষার্থীরা ওই টাকা দিয়ে পরীক্ষার ফরম ফিলাপ করেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার দাস বলেন, পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন জনের সুপারিশ আমলে নিয়ে আমরা এমনিতেই অনেক টাকা কম নিচ্ছি। বেশি কিছু নেয়া হচ্ছেনা।

উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজসহ একাধিক কলেজের এইচএসসি ফরম পূরণে এভাবেই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial