পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল দুর্ঘটনা : নিহত-৩
পিরোজপুরের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া সেতু) সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী এবং সুনানের খালাতো ভাই কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।
আহতরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মো. মধু’র ছেলে জয় (২৬)। জয় পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে ৫জন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ আরোহী সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। এ সময় আহত দুই শান্ত ও মাহফুজের পরিচয় পাওয়া গেলে তাদের পরিবারকে জানানো হয় এবং তারা হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা নেওয়ার পরে শান্তকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. মাহফুজুর রহমান খুলনায় চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, আহত দুই খালাতো ভাই সুনান মাঝী ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাতে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা পিরোজপুর জেলা হাসপাতালে আসেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দু’জনেরই মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দু’জনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৪জনকে রাতে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দু’জনের অবস্থার অবনতি হলে তাদেরকেও খুলনায় পাঠানো হয়।
